রাশিয়া থেকে আরও তেল এল দেশে! মস্কোর সেই বেজিংগামী জ্বালানি বোঝাই জাহাজ গন্তব্য বদলে পৌঁছে গেল মেঙ্গালুরুতে

চিনের দিকে যাওয়ার সময় মাঝপথে অভিমুখ বদলানো সেই রুশ তেলবাহী জাহাজ এসে পৌঁছোল ভারতে। নিউ মেঙ্গালুরু বন্দরে নোঙর করেছে রাশিয়ার ‘অ্যাকোয়া টাইটান’। মাঝারি মাপের এই জাহাজটি অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে এসেছে ভারতে। দাবি করা হচ্ছে, চিন যাওয়ার পথে অন্তত সাতটি রুশ জাহাজ অভিমুখ বদলে ভারতের দিকে ঘুরেছে। তার মধ্যে ‘অ্যাকোয়া টাইটান’-ই প্রথম ভারতীয় বন্দরে নোঙর করল। তবে বাকি ছ’টি জাহাজের সবগুলিই ভারতে আসছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

তবে ‘অ্যাকোয়া টাইটান’-এ করে কতটা অপরিশোধিত তেল ভারতে আনা হয়েছে, তা প্রাথমিক ভাবে জানা যায়নি। গত জানুয়ারির শেষ দিকে বাল্টিক সাগরের একটি বন্দর থেকে রওনা দিয়েছিল ‘অ্যাকোয়া টাইটান’। প্রাথমিক ভাবে সেটির গন্তব্য ছিল চিনের রিজ়াও বন্দর। সেই পথেই এগোচ্ছিল। তবে মার্চের মাঝামাঝি হঠাৎই অভিমুখ বদলে ভারতের দিকে এগোতে শুরু করে জাহাজটি। গত ১৮ মার্চ মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ’-এর প্রতিবেদনে এই বিষয়টি প্রকাশিত হয়। ঘটনাচক্রে, এর কিছু দিন আগেই আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছিল, রাশিয়ার তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের ‘ছাড়’ দেওয়া হয়েছে ভারতকে। যদিও ভারত কখনও রাশিয়ার থেকে তেল কেনা পুরোপুরি বন্ধ করে দেয়নি।

এরই মধ্যে সম্প্রতি ‘সিএনএন’-কে দেওয়া সাক্ষাৎকারে আমেরিকার শক্তি দফতরের সচিব ক্রিস রাইট দাবি করেন, ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুরোধ’ করেছিল আমেরিকাই। তাঁর দাবি, সমুদ্রে ভাসমান ট্যাঙ্কারে থাকা বিপুল পরিমাণ তেল চিনে যাচ্ছিল। কিন্তু ওই তেল ভারতের শোধনাগারে নিয়ে যাওয়ার জন্য নয়াদিল্লিকে ‘পরামর্শ’ দেন তিনি। পর পর এই ঘটনাপ্রবাহের মাঝেই রুশ তেলবাহী জাহাজ এসে পৌঁছোল ভারতের মেঙ্গালুরুর বন্দরে।

3,489 currently viewing
10,002 total views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *